নতুন বেতন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরের বকেয়া অর্থও পাবেন। তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব খাতে নতুন বেতন স্কেল কার্যকর করতে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে।
সরকারি চাকরিজীবীদের জন্য ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। এ অনুযায়ী আইবাস++ সফটওয়্যারও হালনাগাদ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে নতুন কাঠামো সংযুক্ত হওয়ার পর অক্টোবরের বেতনের সঙ্গে বর্ধিত বেতন ও আগের মাসগুলোর বকেয়া পরিশোধ করা হবে।
তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নির্ধারণের প্রক্রিয়া তুলনামূলক জটিল হওয়ায় এ ক্ষেত্রে বেশি সময় লাগছে। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাব এখনো হাতে-কলমে করতে হয়।
অন্যদিকে বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জুডিশিয়াল সার্ভিস পে কমিশন বিচারকদের ভাতা ৩০ শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের ১০০ শতাংশ করার সুপারিশ করেছে। এসব প্রস্তাব পর্যালোচনায় অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি কাজ করছে।
নতুন বেতন কাঠামো চার ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে ১ জুলাই থেকে ১০ম থেকে ২০তম গ্রেডে মূল বেতন ৫০ শতাংশ এবং প্রথম থেকে নবম গ্রেডে ৪০ শতাংশ বাড়ানোর কথা রয়েছে। পরবর্তী ধাপগুলোতে বাকি অংশ বাস্তবায়ন করা হবে। পুরো বেতন কাঠামো বাস্তবায়ন হলে সরকারের বার্ষিক অতিরিক্ত ব্যয় প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা বাড়বে।