রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। এ জন্য প্রশাসনকে সোমবার বিকেল ৪টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেফতার না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের তিনটি সক্রিয় সাংবাদিক সংগঠনের নেতাদের আলোচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিক নেতাদের অভিযোগ, হামলায় জড়িতদের পরিচয় ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া হলেও মামলায় তাদের নাম উল্লেখ করা হয়নি। হল প্রশাসনের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।

রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হাসান বলেন, প্রশাসনের ওপর আস্থা রেখে তারা এখনো কোনো আন্দোলনে যাননি। তবে বিকেল ৪টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে পরবর্তী কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

রাবি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইবতেসাম শান্ত হামলার নিন্দা জানিয়ে বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জড়িতদের বিরুদ্ধে আইনগত ও বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান তিনি।

রাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসানও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগের কথা জানতে পেরে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার (৪ অক্টোবর) রাতে জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে চার সাংবাদিকসহ প্রায় ১০ জন আহত হন। আহত সাংবাদিকদের মধ্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, আগামীর সময়, দ্য ডেইলি স্টার ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা রয়েছেন।