সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মামলা হলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পাশাপাশি জাসদের কার্যালয় থেকে আটক ২৭ জনের বিষয়েও তদন্ত শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জাসদের কার্যালয় থেকে আটকের বিষয়ে তিনি বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে অধিকতর তদন্ত চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার গুলিস্তানের জিপিও মোড়ে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০০ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে তাদের আটক করা হলেও পরে ২৭ জন ছাড়া অন্যদের ছেড়ে দেওয়া হয়।

মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীর দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। দোষীদের পাশাপাশি দায়িত্বে গাফিলতি করা পুলিশ সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বদলি প্রসঙ্গে তিনি বলেন, বদলি কোনো চূড়ান্ত সমাধান নয়। বিভাগীয় শাস্তির পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।