কুমিল্লায় ১৩ বছর বয়সী শিশু অপ্রতিম হত্যার ঘটনায় দেশে চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

ফেসবুক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর কড়া সমালোচনা সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে সাদিক কায়েম লেখেন, "কুমিল্লায় ১৩ বছর বয়সী নিখোঁজ শিশু অপ্রতিমের পড়ে থাকা লাশ দেখে যে কোনো বিবেকবান মানুষই বাকরুদ্ধ হয়ে পড়বেন। কিন্তু দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আমাদের মহামন্ত্রীর বিবেককে কি এসব ঘটনা আদৌ নাড়া দেয়?"

স্বরাষ্ট্রমন্ত্রীর সার্বিক কর্মকাণ্ডের সমালোচনা করে ডাকসু ভিপি আরও লেখেন, "তিনি হয়তো এখন ব্যস্ত প্রধানমন্ত্রীর হয়ে কোনো দায়িত্ব সামলাতে, কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ের কাজে অযাচিত খবরদারি করতে। হয়তো তিনি এখন ব্যস্ত নিজের ছেলে ও আত্মীয়স্বজনদের কীভাবে কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় বড় সরকারি প্রকল্পের দায়িত্ব দেয়া যায়, কিংবা লাভজনক সরকারি পদে বসানো যায়, সেই চিন্তায়।"

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারে ব্যর্থতার অভিযোগ বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে একের পর এক খুন ও ধর্ষণের ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলেন সাদিক কায়েম। তিনি বলেন, "নারী, শিশু, বৃদ্ধ কেউই যেন নিরাপদ নয়। আজকেও মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার হয়েছে। নিঃসন্দেহে সালাহউদ্দিন আহমদ এই ব্যর্থ সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী।"

দেশের মানুষের নিরাপত্তার দাবি জানিয়ে তিনি আরও যোগ করেন, "আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা এই দেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা কায়েমের জন্য ‘২৪-এ লড়াই করেছি। সেই নিরাপত্তা না দিতে পারলে সময় থাকতেই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক, এটাই গণদাবি।"

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হওয়ার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) লালমাই-সানন্দা পাহাড়-সংলগ্ন জঙ্গল থেকে তার আঘাতপ্রাপ্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মর্মান্তিক ঘটনাটি দেশজুড়ে চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।