কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে কুবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

পরিবার সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে কোটবাড়ির গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে অপ্রতিমকে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিখোঁজের পর পাহাড়ের জঙ্গল থেকে মরদেহ উদ্ধার নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি।

পরিবারের স্বজনেরা বিভিন্ন স্থানে সন্ধান চালিয়েও তাকে না পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে অপ্রতিমের বাবা কেএম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

জিডির পর তদন্তে নেমে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতিমের নিথর মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। কিশোরের এই মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় অঙ্গনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।