গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কবি ও একসময়ের জনপ্রিয় নাট্যাভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছে অভিনয়শিল্পী সংঘ। মঙ্গলবার সংগঠনটির একটি প্রতিনিধিদল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেয় এবং তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা প্রদান করে।

হাসপাতালে ভর্তি হওয়ার পর শুরুতে বেড না পাওয়ায় দুই দিন মেঝেতে কাটাতে হয়েছিল রিফাত চৌধুরীকে। পরে একটি বেডের ব্যবস্থা হলেও চিকিৎসার ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। তার অসুস্থতা ও চিকিৎসার এই সংকট নিয়ে সোমবার ঢাকা পোস্টে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি শোবিজ অঙ্গনে আলোচনায় আসে।

এরপরই অসুস্থ এই শিল্পীর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ। মঙ্গলবার সংগঠনের প্রতিনিধিরা হাসপাতালে গিয়ে রিফাতের সঙ্গে দেখা করেন। তারা তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেন এবং ভবিষ্যতে চিকিৎসাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু। তিনি জানান, সংগঠনটি সবসময় সদস্যদের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। অসুস্থ রিফাত চৌধুরীর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

দীর্ঘদিন ধরে কোমর ও পায়ের জটিলতায় ভুগছেন রিফাত চৌধুরী। অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারেন না তিনি। পারিবারিকভাবেও দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন এই অভিনেতা শোবিজের সহকর্মীদের সঙ্গেও অনেকটা যোগাযোগহীন ছিলেন। ফলে দীর্ঘ সময় ধরে অনেকটা আড়ালেই কেটেছে তার জীবন।

একসময় বাংলা নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রিফাত চৌধুরী। অভিনয়ের পাশাপাশি কবিতাচর্চার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। বর্তমানে অসুস্থতার কারণে হাসপাতালের চিকিৎসাধীন এই শিল্পীর পাশে সহকর্মীদের দাঁড়ানোয় শোবিজ অঙ্গনে সহমর্মিতার বার্তা ছড়িয়ে পড়েছে।