অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের অভিনয়জীবনের শুরু সিনেমা দিয়ে। বড় পর্দায় কাজ করেই দর্শকের নজরে আসেন তিনি। শুরুতে সিনেমাকেই অভিনয়ের মূল ক্ষেত্র হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা থাকলেও সময়ের সঙ্গে ছোট পর্দাতেও নিয়মিত হয়ে উঠেছেন এই অভিনেত্রী। বর্তমানে নাটকেই তাকে তুলনামূলক বেশি দেখা যাচ্ছে।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন সুনেরাহ। সহশিল্পী আরশ খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন রয়েছে। যদিও দুজনই বরাবর নিজেদের সম্পর্ককে বন্ধুত্ব হিসেবেই দাবি করে এসেছেন। তবে সম্প্রতি তাদের একসঙ্গে খুব একটা দেখা না যাওয়ায় সেই সম্পর্ক নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সুনেরাহর কিছু পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ফেসবুকে কবিতার আদলে বেশ কিছু লেখা প্রকাশ করছেন তিনি। এসব লেখায় কখনো মন ভালো হওয়ার কথা, আবার কখনো কষ্ট, অভিমান ও হতাশার মতো অনুভূতির প্রকাশ দেখা যাচ্ছে। ফলে তার লেখা কি ব্যক্তিগত জীবনের কোনো ঘটনার সঙ্গে সম্পর্কিত, তা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা।

গত ২ সেপ্টেম্বর সমুদ্রতীরে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেন সুনেরাহ। ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘আসলে মনটা আজকে ভালো, ঢেউগুলো সব মিথ্যা নিয়ে চলে গেলো।’ এরপর ১৪ সেপ্টেম্বর একটি দীর্ঘ কবিতা প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে প্রিয় একজন মানুষের পরিবর্তন, মিথ্যা, অভিমান ও নিজের হারিয়ে যাওয়ার অনুভূতির কথা উঠে আসে। কবিতাটির ভাষায় ছিল তীব্র কষ্ট ও অভিযোগের সুর।

এরপর গত ২১ সেপ্টেম্বর আরও একটি ছবি পোস্ট করে চার লাইনের একটি কবিতা লেখেন সুনেরাহ। সেখানে তিনি সিদ্ধান্তহীনতা ও সামনে এগিয়ে যাওয়ার দ্বিধার কথা তুলে ধরেন। তার এই লেখাতেও বেদনা ও অনিশ্চয়তার অনুভূতি ফুটে ওঠে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—এসব কি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কোনো অভিজ্ঞতার প্রতিফলন, নাকি নিছকই নিজের ভাবনা থেকে লেখা? অবশ্য বিষয়টি নিয়ে সুনেরাহ নিজে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

এদিকে কাজের ব্যস্ততাও রয়েছে সুনেরাহর। সম্প্রতি ইতালি সফর করেছেন তিনি। সেখানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটিতে সুনেরাহর সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমুসহ আরও অনেকে। ভেনিসের পর সিনেমাটি টরন্টো চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে। সামনে লন্ডনেও প্রদর্শনের কথা রয়েছে।