চৌদ্দ বছর আগে করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন আলিয়া ভাট। তখন তিনি ছিলেন একেবারেই নতুন মুখ। সময়ের সঙ্গে অভিনয়ে নিজের অবস্থান তৈরি করা সেই আলিয়াই এবার নতুন এক ভূমিকায় সামনে এসেছেন। প্রযোজক হিসেবে চার নবাগত অভিনয়শিল্পী ও এক নতুন পরিচালককে দর্শকের সামনে নিয়ে আসছেন তিনি। ছবিটির নাম ‘ডোন্ট বি শাই’।
গত শুক্রবার মুম্বাইয়ে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বোন শাহীন ভাটকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন আলিয়া। অনুষ্ঠানজুড়ে উঠে আসে তাঁর অভিনয়জীবনের শুরুর দিন, প্রযোজক হিসেবে কাজের অভিজ্ঞতা এবং নতুন প্রজন্মের নানা বিষয়। পাশাপাশি ছোটবেলায় দুই বোনের মজার কিছু স্মৃতিও ভাগ করে নেন তারা।
মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার প্রকাশের আয়োজন করা হয়েছিল কলেজ ফেস্টের আদলে। ক্যান্ডি ফ্লস, গোলা, নুডলস থেকে শুরু করে প্রসাধনীর বিভিন্ন স্টল দিয়ে সাজানো হয়েছিল পুরো আয়োজন। সেখানে চার নতুন অভিনয়শিল্পী ও নবাগত পরিচালককে পরিচয় করিয়ে দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আলিয়া।
তিনি বলেন, চৌদ্দ বছর আগে একজন অভিনেত্রী হিসেবে তাঁর যাত্রা শুরু হয়েছিল। আর এত বছর পর একইভাবে নতুন চার অভিনেতা ও একজন পরিচালককে দর্শকের সামনে তুলে ধরতে পারাটা তাঁর জন্য বিশেষ মুহূর্ত। বরং নতুনদের চেয়েও তিনি বেশি নার্ভাস ছিলেন বলে জানান আলিয়া। তাঁর ভাষায়, অভিনয়ের সময় ক্যামেরার সামনে থাকা যেমন ভালো লাগে, তেমনি প্রযোজক হিসেবে একটি গল্প ও তার জগত তৈরির শুরু থেকে যুক্ত থাকার আনন্দও আলাদা।
‘ডোন্ট বি শাই’ মূলত নতুন প্রজন্মের কলেজজীবন, প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন নবাগত শ্রীতি মুখার্জি। আলিয়া জানান, শ্রীতি যখন প্রথম তাঁদের কাছে এই গল্প নিয়ে আসেন, তখনই তাঁরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেন। এরপর প্রায় দুই বছর ধরে সিনেমাটির কাজ এগিয়েছে। পরে অ্যামাজনের সঙ্গে ছবিটি নিয়ে যোগাযোগ হয় এবং প্ল্যাটফর্মটি সিনেমাটির ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আলিয়া। তাঁর মতে, বড় হয়ে ওঠার সময় যেসব অভিজ্ঞতার মধ্য দিয়ে মানুষ যায়, ‘ডোন্ট বি শাই’-এর গল্পে সেগুলোর সঙ্গে অনেকেই নিজেদের মিল খুঁজে পাবেন।
অনুষ্ঠানে জীবন নিয়ে নিজের ভাবনাও জানান আলিয়া। তাঁর মতে, জীবন সব সময় মানুষের পরিকল্পনা অনুযায়ী এগোয় না, তবে অনেক সময় সেই অপ্রত্যাশিত ঘটনাগুলোই জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে দাঁড়ায়। শাহীনও বলেন, বড় হয়ে ওঠার অর্থ সবকিছু আগে থেকেই বুঝে ফেলা নয়; বরং নিজের মতো করে নিজেকে প্রকাশ করতে ভয় না পাওয়াটাই গুরুত্বপূর্ণ।
আড্ডার একপর্যায়ে আলোচনায় আসে জেন-জি প্রজন্মের জনপ্রিয় শব্দ ‘রেজবেইট’। এর ব্যাখ্যা দিতে গিয়ে ছোটবেলার একটি মজার ঘটনা শোনান আলিয়া। তিনি জানান, ছোটবেলায় শাহীন তাঁকে নানা কথা বলে খেপাতেন। এমনকি বলতেন, আলিয়া নাকি পার্লে-জির সঙ্গে ফ্রি এসেছিলেন এবং তিনি তাঁদের মা-বাবার সন্তান নন। চার বছর বয়সে এসব কথা শুনে আলিয়া বেশ বিরক্ত হতেন। বোনের সেই পুরোনো দুষ্টুমির কথা মনে করে দুজনেই হাসিতে মেতে ওঠেন।
আলিয়া ও শাহীন দুজনেই ‘ডোন্ট বি শাই’-এর প্রযোজক। তাঁদের প্রযোজনা প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনসের ব্যানারে নির্মিত রোমান্টিক-কমেডি ছবিটিতে অভিনয় করেছেন চার নতুন মুখ—আরুষি বাজাজ, পীযূষ খাতি, বিয়াঙ্কা অরোরা ও অংশ দুগ্গল। সিনেমাটি আগামী ২৬ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা।
প্রযোজনার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত রয়েছেন আলিয়া। তাঁকে সর্বশেষ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ‘আলফা’ সিনেমায় দেখা গেছে। তাঁর পরবর্তী বড় প্রকল্প সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’। এতে তাঁর সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। একাধিকবার মুক্তির তারিখ পরিবর্তনের পর সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।