পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ ও নদীর তীর সংরক্ষণে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। রবিবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এ আগ্রহের কথা জানান। বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। পানিসম্পদ মন্ত্রী নেদারল্যান্ডসকে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে দুই দেশের বিদ্যমান সুদৃঢ় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই ব-দ্বীপ দেশ হওয়ায় ভূ-প্রকৃতিগতভাবে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। এ কারণে বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ রয়েছে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৈঠকে আরও জানানো হয়, পানিসম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার লক্ষ্যে ১৯৭৭ সালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। ভবিষ্যতে দুই দেশের মধ্যে এ সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।