রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাত নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ফুটপাত সংস্কারের পাশাপাশি পাশের সীমানাপ্রাচীরে আঁকা হয়েছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা দেশের ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি।

সোমবার (৫ অক্টোবর) সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি-সংলগ্ন ওই ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসি সূত্র জানায়, ফুটপাতটির একটি অংশ আগে দখলে ছিল। দখলমুক্ত করার পর সেখানে নতুন ডাস্টবিন ও পথচারীদের বসার জন্য বেঞ্চ স্থাপন করা হয়েছে। সংস্কার করা হয়েছে সীমানাপ্রাচীরও। আর সেই দেয়ালেই রঙের তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ ১০ বরেণ্য ব্যক্তিত্বের প্রতিকৃতি।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে হকার বসতে দেওয়া হবে না। হকারদের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা করা হয়েছে। উচ্ছেদের পর কেউ নিষিদ্ধ স্থানে আবার বসলে মালামাল জব্দসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান তিনি। আবদুস সালাম বলেন, কাউকে উচ্ছেদ করা বা দরিদ্র হকারদের পুঁজি নষ্ট করা ডিএসসিসির উদ্দেশ্য নয়। এ কারণে পীর ইয়ামেনী মাজার এলাকায় শুক্র ও শনিবার ‘হলিডে মার্কেট’ চালুর ব্যবস্থা করা হয়েছে। অন্য দিনগুলোতে আইডিয়াল স্কুলের বিপরীত পাশের সড়কের ফুটপাতে হকারদের বসার সুযোগ দেওয়া হয়েছে।

হকার সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মূল সড়ক বন্ধ করে কিংবা অনুমতি ছাড়া অন্য কোনো ফুটপাতে হকার বসতে পারবেন না।

এ সময় ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ ঢাকা গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, নগরবাসীরও নাগরিক দায়িত্ব।