পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার—সম্প্রতি ছড়িয়ে পড়া এমন খবরকে ভিত্তিহীন ও ভুয়া বলে সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। পিসিবির কোনো পদে যোগ দেওয়ার কোনো আগ্রহ বা পরিকল্পনা তাঁর নেই বলে পরিষ্কার জানিয়েছেন এই স্পিডস্টার।

সম্প্রতি ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেটে নানামুখী আলোচনা-সমালোচনা শুরু হলে বোর্ডে সম্ভাব্য রদবদল নিয়ে গুঞ্জন শুরু হয়। এরই সূত্র ধরে ৫১ বছর বয়সী শোয়েব আখতারের প্রধান নির্বাচক হওয়ার কথা ছড়িয়ে পড়ে।

টিভি সাক্ষাৎকারে শোয়েবের স্পষ্ট বক্তব্য পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার জানান, পিসিবির দায়িত্ব নেওয়ার বিষয়ে বোর্ডের সঙ্গে তাঁর কোনো ধরনের বৈঠক বা আলোচনা হয়নি। ছড়িয়ে পড়া সব খবরই অনুমাননির্ভর।

সাক্ষাৎকারে উপস্থাপক পিসিবি ও রাজনীতি থেকে দূরে থাকার বিষয়ে তাঁর মায়ের পরামর্শের কথা মনে করিয়ে দিলে শোয়েব বলেন, “এমন কিছুই ঘটছে না। যা বলা হচ্ছে সবই অনুমাননির্ভর। আমি আমার পূর্বে দেওয়া বক্তব্যে এবং মায়ের সেই পরামর্শেই অটল থাকব। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। প্রধান নির্বাচক হওয়ার যেসব খবর শুনেছি, তার সবই ভুয়া এবং কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাই।”

বোর্ড ছাড়াও অবদানের সুযোগ বর্তমানে দেশের বাইরে ছুটিতে থাকা সাবেক এই গতিদানব স্পষ্ট করেন যে, পিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হয়েও দেশের ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, “অবশ্যই আমি পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই; তবে আমি মনে করি, সেটি আরও অনেক উপায়ে করার সুযোগ রয়েছে।”

শোয়েব আখতারের এই বক্তব্যের মাধ্যমে পিসিবিতে তাঁর যোগ দেওয়া ও প্রধান নির্বাচক হওয়ার গুঞ্জনের আনুষ্ঠানিক অবসান ঘটল।