প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ বিমানবাহিনী পরিচালিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ‘ব্লু স্কাই স্কুল’ পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। রোববার সকালে পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের সন্তানদের জন্য ভর্তি ফি কমানোসহ শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা বাড়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, স্কুলটির টিউশন ফি তুলনামূলকভাবে বেশি। প্রধানমন্ত্রী তাঁকে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুযোগ-সুবিধা বাড়ানো, সাধারণ মানুষের সন্তানদের ভর্তি প্রক্রিয়া সহজ করা এবং শিক্ষার ব্যয় কমানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।
তিনি বলেন, অটিজমে আক্রান্ত শিক্ষার্থীদের পড়াতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের তুলনায় অনেক কম রাখতে হয়। অনেক ক্ষেত্রে একজন শিক্ষককে একজন শিক্ষার্থীর দেখাশোনা করতে হয়। ফলে বিশেষায়িত শিক্ষাব্যবস্থায় ব্যয়ও বেশি।
মন্ত্রী বলেন, স্কুলটির কিছু শ্রেণিতে একজন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক রয়েছেন। এ ক্ষেত্রে ব্যয় কীভাবে কমানো যায়, তা বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষিত অভিভাবকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রমে কীভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়েও ভবিষ্যতে পরিকল্পনা করা হবে।
ব্লু স্কাই স্কুলকে সরকারি পর্যায়ে সহযোগিতা দেওয়ার ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও বিশেষায়িত শিক্ষা ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে অটিজমসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
রাজধানীর তেজগাঁও পুরাতন বিমানবন্দরের মাঠসংলগ্ন এ স্কুল পরিদর্শনের সময় গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার কমডোর মো. আব্বাস আলী, এয়ারফোর্স হেডকোয়ার্টারসের শিক্ষা বিভাগের পরিচালক এয়ার কমোডর ইমরানুর রহমান এবং ব্লু স্কাই স্কুলের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নুর উল্লাহ উপস্থিত ছিলেন।