কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজারে এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত মাজার এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে যায় পুলিশ।
ভেড়ামারা উপজেলা এনসিপির আহ্বায়ক শোভন আহমেদ জানান, ব্যক্তিগত সফরে লালন মাজারে গিয়ে স্থানীয় বাউল শিল্পীদের গান শুনছিলেন নাসীরুদ্দীন। পরে মাজারের মূল গেটের কাছে পৌঁছালে কয়েকজন তাকে হামলা ও ধাওয়া করেন বলে অভিযোগ করেন তিনি। এরপর তাকে মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
হামলার কারণ বা কারা এতে জড়িত, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাসীরুদ্দীনকে নিরাপদে এলাকা ছাড়তে সহায়তা করেছে। এ ঘটনায় মামলা হবে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।