টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।

রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৪-এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম ও হেলাল মিয়া (৪২)। তাদের মধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআরবি-১৪ সিপিসি-৩-এর একটি দল বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন বলে জানায় এসআরবি। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানের ভেতর বিশেষ কৌশলে প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল, নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে এসআরবি।