<p>সময় বদলায়, বদলে যায় সম্পর্কের সমীকরণও। একসময় যে জুটি ছিল দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়, সময়ের সঙ্গে তাদের পথও আলাদা হয়ে গেছে। তবে পর্দায় সেই পুরোনো জুটি আবার ফিরলে নস্টালজিয়ায় ভেসে যান ভক্তরা। এবার দেব ও শুভশ্রীকে ঘিরে তেমনই পুরোনো স্মৃতি উসকে দিয়েছে তাদের নতুন কিছু ছবি।<p/><p>সম্প্রতি প্রকাশ্যে এসেছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোমুগ্ধকর লোকেশনে ধারণ করা গানটিতে একসঙ্গে দেখা গেছে দেব ও শুভশ্রীকে। তাদের পর্দার রসায়ন প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে ফিরে এসেছে বহু পুরোনো দিনের আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদের জুটি নিয়ে শুরু হয়েছে নানা মন্তব্য।<p/><p>এর মধ্যেই অফস্ক্রিনে দেব ও শুভশ্রীর বেশ কিছু ঘনিষ্ঠ ও রোমান্টিক মুহূর্তের ছবি সামনে আসে। কোনো ছবিতে দুজনকে একে অপরকে জড়িয়ে থাকতে দেখা গেছে, আবার কোনো ফ্রেমে চোখে চোখ রেখে ধরা দিয়েছেন তারা। ছবিগুলোর আবহে ছিল ঘনিষ্ঠতা, মমতা ও আবেগের ছোঁয়া। ফলে নতুন করে আলোচনায় আসে একসময়কার জনপ্রিয় এই জুটি।
<p/><p>ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তার এই ক্যাপশন ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল। যদিও এটি সিনেমার চরিত্র ও গল্পের সঙ্গে সম্পর্কিত বলেই ধরে নেওয়া হচ্ছে, তবু দেব-শুভশ্রীর অতীত সম্পর্কের কারণে ভক্তদের মধ্যে বিষয়টি নিয়ে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।
<p/><p>ছবিগুলোর একটিতে দেখা যায়, শুভশ্রীর কাছাকাছি বসে আছেন দেব। পেছন থেকে দেবকে জড়িয়ে রেখেছেন শুভশ্রী। অন্য একটি ছবিতে দেবের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছেন অভিনেত্রী। দেবের হাতও দেখা গেছে শুভশ্রীর মুখের কাছে। পুরো ফ্রেমজুড়ে ফুটে উঠেছে এক ধরনের আবেগঘন ও রোমান্টিক মুহূর্ত।<p/><p>দেব ও শুভশ্রী একসময় শুধু পর্দার জনপ্রিয় জুটি ছিলেন না, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক ছিল টলিউডের অন্যতম আলোচিত বিষয়। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে এবং দুজনেই নিজেদের জীবনে আলাদা পথে এগিয়ে যান। সময়ের ব্যবধানে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে দুজনেই প্রতিষ্ঠিত হয়েছেন। তবে নতুন সিনেমায় আবারও একসঙ্গে দেখা দেওয়ায় পুরোনো সেই জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ যেন আবারও ফিরে এসেছে।<p/>
পুরোনো প্রেমের রসায়নে নতুন করে আলোচনায় দেব-শুভশ্রী
মন্তব্য
প্রথম মন্তব্যটি করুন।