একের পর এক নতুন চরিত্র আর চমক নিয়ে এগিয়ে চলছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। পুরোনো চরিত্র নেহাল ও আরেফিনের ফেরার পর এবার সিরিজটিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেতা আ খ ম হাসান। নতুন চরিত্রে তার উপস্থিতি এরই মধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর চ্যাপ্টার ১৫-তে দেখা গেছে আ খ ম হাসানকে। তার চরিত্রের নাম ‘ইংলিশ লেবু’। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গ অ্যাপে প্রকাশিত হয়েছে নতুন এই চ্যাপ্টার। পর্বটির পোস্টারেও অভিনেতার ভিন্নধর্মী লুক নজর কেড়েছে দর্শকদের।

প্রকাশিত পর্বে একদল গ্যাংস্টার তাদের লোকজন নিয়ে কাবিলার খোঁজে ব্যাচেলর ফ্ল্যাটে হাজির হয়। এই ঘটনাকে ঘিরেই গল্পে তৈরি হয় নতুন পরিস্থিতি। সেখানে ‘ইংলিশ লেবু’ চরিত্রে আ খ ম হাসানের উপস্থিতি গল্পে নতুন মোড় এনেছে।

এদিকে একই চ্যাপ্টারে ‘কাজী ভাই’ নামে আরও একটি নতুন চরিত্র যুক্ত হয়েছে। এই চরিত্রে অভিনয় করেছেন রাশেদ মামুন অপু। ফলে নতুন দুই চরিত্রের আগমনে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচিত গল্পে যোগ হয়েছে নতুন মাত্রা।

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ পরিচালনা ও প্রযোজনা করছেন কাজল আরেফিন অমি। এতে মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, তৌসিফ, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিনসহ আরও অনেকে অভিনয় করছেন। নতুন চরিত্র হিসেবে আ খ ম হাসানের আগমন সিরিজটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।