<p>বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিংয়ের পরিবারে এলো নতুন অতিথি। দ্বিতীয়বারের মতো মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি। শনিবার (১৯ সেপ্টেম্বর) একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন দীপিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ পোস্টের মাধ্যমে সুখবরটি ভক্তদের জানিয়েছেন তারা।<p/><p>দীপিকা ও রণবীরের পোস্টে লেখা হয়েছে, ‘ওয়েলকাম বেবি গার্ল ১৯/৯/২০২৬’। নতুন সদস্যের আগমনে তাদের প্রথম সন্তান দুয়া এখন বড় বোন। তবে নবজাতকের নাম কী রাখা হয়েছে, তা এখনও প্রকাশ করেননি এই দম্পতি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন দীপিকা-রণবীর।
<p/><p>দ্বিতীয় সন্তানের জন্মের এক দিন আগে, ১৮ সেপ্টেম্বর মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন দীপিকা ও রণবীর। সেদিন দীপিকাকে বেগুনি রঙের পোশাকে দেখা যায়, আর তাঁর সঙ্গে মিলিয়ে পোশাক পরেছিলেন রণবীর। এরপরের দিনই আসে তাদের পরিবারে নতুন অতিথি আসার সুখবর।
<p/><p>এর আগে ভিন্নভাবে দ্বিতীয়বার মা-বাবা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা দম্পতি। তাদের প্রথম সন্তান দুয়ার একটি ছবিতে দেখা গিয়েছিল, তার হাতে দুটি গোলাপি দাগযুক্ত প্রেগন্যান্সি টেস্ট। সেই ছবি প্রকাশের পর থেকেই দীপিকা-রণবীরের দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন ভক্তরা।
<p/><p>গত ৮ সেপ্টেম্বর ছিল দুয়ার দ্বিতীয় জন্মদিন। বিশেষ দিনটিতে দীপিকা ও রণবীর তাদের মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কিছু সাদা-কালো ছবি প্রকাশ করেন। সেখানে দীপিকার অন্তঃসত্ত্বা সময়ের মুহূর্তের পাশাপাশি রণবীর ও দুয়ার সঙ্গে পারিবারিক ছবিও ছিল। রণবীর সেই পোস্টে জানিয়েছিলেন, তাদের হৃদয় ও পরিবার আরও বড় হচ্ছে।<p/><p>২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম কন্যাসন্তান দুয়ার জন্মের প্রায় দুই বছর পর দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন দীপিকা ও রণবীর। ওই বছরের নভেম্বরে তাদের প্রথম সন্তানের নাম ‘দুয়া’ প্রকাশ্যে আসে। এবার দ্বিতীয় কন্যাসন্তানের আগমনের পর ভক্তদের কৌতূহল—নতুন অতিথির নাম কী রাখবেন এই তারকা দম্পতি?<p/>