ভক্তদের অতিরিক্ত ভিড়ের কারণে চরম বিপাকে পড়লেন ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল রাঘওয়ানি। বিহারের একটি জুয়েলারি শোরুম উদ্বোধন করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। অনুষ্ঠানস্থলে তাকে এক নজর দেখার জন্য বিপুলসংখ্যক মানুষ জড়ো হলে একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।এমনকি এ সময় কাজলকে বহনকারী গাড়ির জানালার কাচও ভেঙে যায়।
জানা গেছে, শোরুম উদ্বোধনে কাজল রাঘওয়ানি আসছেন—এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সেখানে ভক্তদের ভিড় বাড়তে থাকে। অভিনেত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর সেই ভিড় আরও বড় আকার ধারণ করে। তাকে দেখার জন্য অনেকে গাড়ির আশপাশে জড়ো হয়ে পড়েন।
একপর্যায়ে গাড়ির ভেতরে কাজল রয়েছেন মনে করে কয়েকজন জানালার কাচ পর্যন্ত ভেঙে ফেলেন। পরিস্থিতি বিবেচনায় দ্রুত অনুষ্ঠানস্থল ছাড়তে হয় অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কাজলকে নিয়ে গাড়িটি বেরিয়ে যাওয়ার সময়ও বিপুলসংখ্যক মানুষ সেটির পেছনে ছুটছেন।
ঘটনার পর ভক্তদের উদ্বেগের বিষয়টি বুঝতে পেরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপত্তার কথা জানান কাজল। ইনস্টাগ্রামে প্রকাশ করা এক ভিডিওবার্তায় তিনি জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন এবং ভক্তদের চিন্তা না করার অনুরোধ করেন। একই সঙ্গে তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনুষ্ঠানের আয়োজনের জন্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ঘটনায় আয়োজকদের নোটিশ দেওয়ার কথা জানা গেছে। তবে শোরুম মালিকের দাবি, তিনি জেলা প্রশাসনের কাছে অনুষ্ঠানের অনুমতির জন্য আবেদন করেছিলেন।
ভোজপুরি সিনেমায় কাজলের পরিচিতি দীর্ঘদিনের। অল্প বয়সেই অভিনয়ে পা রাখেন তিনি। গুজরাটি সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করার পর ২০১৩ সালে ‘রিহাই’ সিনেমার মধ্য দিয়ে ভোজপুরি চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘পাটনা সে পাকিস্তান’, ‘মেহেন্দি লাগা কে রাখনা’, ‘ভোজপুরিয়া রাজা’ ও ‘সংঘর্ষ’-সহ বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করে দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন কাজল রাঘওয়ানি।