আজ রবিবার দুপুরে টালিউড থেকে এলো সুখবর। জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভনের সংসার এবার দুই থেকে তিন হলো। তাদের ঘর আলো করে এসেছে প্রথম সন্তান—এক পুত্রসন্তান।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সন্তানের আগমনের খবর জানান সোহিনী ও শোভন। ফেসবুকে শিশুর পায়ের ছাপের একটি ছবি শেয়ার করে তারা লেখেন, ‘আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সোহিনী ও শোভন, ২০/৯/২০২৬।’
সুখবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি। ভক্তদের পাশাপাশি বিনোদন জগতের সহকর্মীরাও তাদের অভিনন্দন জানিয়েছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্দীপ্তা সেন, রণিতা দাস ও দর্শনা বণিকসহ টলিপাড়ার অনেকেই মন্তব্যের ঘরে নতুন মা ও শিশুর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।
সন্তান জন্মের কিছুদিন আগেই আয়োজন করা হয়েছিল সোহিনীর সাধের অনুষ্ঠান। সেদিন ঐতিহ্যবাহী লাল শাড়ি, গয়না, কপালে চন্দনের কলকা ও গলায় জুঁইয়ের মালায় সেজেছিলেন তিনি। পাশে গোলাপি পাঞ্জাবিতে ছিলেন স্বামী শোভন।
এর আগে চলতি বছরের ১৫ জুলাই নিজেদের বিবাহবার্ষিকীর দিনে একটি ছবি প্রকাশ করে প্রথমবারের মতো বেবি বাম্পের খবর প্রকাশ্যে এনেছিলেন সোহিনী।
দীর্ঘদিনের প্রেমের পর ২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোভন ও সোহিনী। গর্ভাবস্থাতেও কাজ থেকে বিরতি নেননি অভিনেত্রী। শুটিং থেকে সিনেমার প্রচার— সবই সামলেছেন সমানতালে।
সম্প্রতি সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ এবং হইচইয়ের ‘অজেয়া: স্পেশ্যাল টাস্ক ফোর্স’-এ দেখা গেছে সোহিনীকে। সামনে উইন্ডোজ প্রোডাকশনের দুর্গাপূজার ছবি ‘বহুরূপী ২: দ্য গোল্ডেন ডাকু’-তে যিশু সেনগুপ্তের বিপরীতে দেখা যাবে তাকে।