রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে। আজ বৃহস্পতিবার রাতের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম।

হামলার ঘটনার পরদিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম। ওই সময় তিনি তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার রাতেই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বলেন, বর্তমানে প্রতিবেদন লেখার কাজ চলছে। বৃহস্পতিবার রাতের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কমিটি প্রতিবেদন দিতে পারবে বলে তিনি আশা করছেন। এখন প্রশাসন প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছে।

এর আগে গত রোববার (৪ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।