শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পর কোম্পানি দুটির শেয়ারে উল্লেখযোগ্য উত্থান দেখা দিয়েছে। পর্ষদ থেকে সালমান এফ রহমানকে বাদ দেওয়ার খবর প্রকাশের পর গত দুই দিনে বেক্সিমকোর শেয়ারের দাম বেড়েছে ১৪ শতাংশের বেশি।

মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সালমান এফ রহমানকে বাদ দিয়ে বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন বেক্সিমকো লিমিটেড ও শাইনপুকুর সিরামিকসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে। এর পর থেকেই বাজারে কোম্পানি দুটির শেয়ারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বুধবার বেক্সিমকো লিমিটেডের শেয়ারের দাম ৮০ পয়সা বা ৪ শতাংশের বেশি বাড়ে। এরপর বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় আরও ২ টাকা বা সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ে। ফলে দুই দিনে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩ টাকা, অর্থাৎ ১৪ শতাংশের বেশি বেড়েছে।

শাইনপুকুর সিরামিকসের শেয়ারেও একই ধরনের উত্থান দেখা গেছে। বুধবার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৯০ পয়সা বা সাড়ে ৪ শতাংশ বাড়ে। বৃহস্পতিবার প্রথম দুই ঘণ্টায় আরও ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পায়। সব মিলিয়ে দুই দিনে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে প্রায় ৩ টাকা বা ১৫ শতাংশ।

শুধু দাম বৃদ্ধিই নয়, সালমান এফ রহমানকে পর্ষদ থেকে সরানোর খবরের পর লেনদেনের দিক থেকেও এগিয়ে এসেছে কোম্পানি দুটি। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এ সময় কোম্পানিটির প্রায় ২০ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। একই সময়ে প্রায় ৭ কোটি টাকার লেনদেন নিয়ে শাইনপুকুর সিরামিকস ছিল তালিকার সপ্তম অবস্থানে।

বাজারসংশ্লিষ্টদের মতে, সালমান এফ রহমানকে পর্ষদ থেকে বাদ দেওয়ার ঘটনায় সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা তৈরি হয়েছে। ফলে কোম্পানি দুটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ থেকেও সালমান এফ রহমানকে বাদ দেওয়া হয়। ফলে বেক্সিমকো গ্রুপের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পর্ষদ থেকেই তিনি বাদ পড়েছেন।

২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে বিএসইসি তাকে শেয়ারবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বেক্সিমকো গ্রুপ যে প্রতিকূলতার মধ্যে পড়েছে, তা বিবেচনায় নিয়ে সালমান এফ রহমান পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মতি দেন। তার কারণে কোম্পানির ব্যবসা ও শেয়ারহোল্ডারদের যেন ক্ষতির মুখে পড়তে না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই তিনটি তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। তবে নতুন পর্ষদেও সালমান এফ রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন।