চট্টগ্রামের সাতকানিয়ায় কক্সবাজারগামী যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন চন্দনাইশ উপজেলার মো. রিয়াদ (২০) এবং বোয়ালখালী উপজেলার রিগেন চক্রবর্তী (৩৫)। আহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারের দিকে যাচ্ছিল স্বাধীন পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা জব্দ করে। পরে রাতেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, পরিবারের আবেদনের পর নিহত দুজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।