রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকা দরে। আর এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম উঠেছে কেজিতে ২ হাজার ২০০ টাকা। ফলে ইলিশ কেনার ইচ্ছা থাকলেও বাড়তি দামের কারণে অনেক ক্রেতাই তা কিনতে পারছেন না।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা কাঁচাবাজার ঘুরে ইলিশের এমন দাম দেখা গেছে।

বাজারে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের একটি ইলিশ কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা। অন্যদিকে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের দাম কেজিতে ২ হাজার ২০০ টাকা হওয়ায় বড় আকারের একটি মাছ কিনতে খরচ হচ্ছে দুই হাজার টাকার বেশি।

উত্তর বাড্ডা বাজারে ইলিশ কিনতে আসা রমজান আলী বলেন, ‘ইলিশের দাম অনেক বেশি। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি। একটি মাছ কিনতেই প্রায় ১ হাজার ৩০০ টাকা চলে যাচ্ছে। এই দামে নিয়মিত ইলিশ কেনা সম্ভব নয়।’

মধ্য বাড্ডার ক্রেতা ইলিয়াস বলেন, ‘এক কেজির ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। একটি মাছ কিনতেই দুই হাজার টাকার বেশি লাগে। সংসারের অন্য খরচ আছে। তাই ইচ্ছা থাকলেও ইলিশ কিনতে পারছি না।’

আরেক ক্রেতা মো. সাব্বির বলেন, ইলিশ বাঙালির পছন্দের মাছ হলেও এর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। দাম কিছুটা কমলে ইলিশ কেনার সুযোগ হতো বলেও জানান তিনি।

বিক্রেতারা বলছেন, দাম বেড়ে যাওয়ায় ইলিশের বিক্রিও কমেছে। অনেক ক্রেতা দাম জিজ্ঞেস করে আর মাছ কিনছেন না। কেউ কেউ বড় ইলিশের পরিবর্তে তুলনামূলক ছোট মাছ খুঁজছেন।

মধ্য বাড্ডার বিক্রেতা হারু দাস বলেন, ‘দাম বেশি হওয়ায় বিক্রি আগের মতো নেই। ক্রেতারা এসে দাম জিজ্ঞেস করছেন, এরপর অনেকে আর কিনছেন না। ৮০০-৯০০ গ্রামের মাছও দেড় হাজার টাকা কেজি হওয়ায় সাধারণ ক্রেতাদের জন্য চাপ হয়ে যাচ্ছে।’

উত্তর বাড্ডার বিক্রেতা মো. মিজান বলেন, ‘এক কেজির ওপরের ইলিশ ২ হাজার ২০০ টাকা কেজি। বড় মাছের দাম শুনে অনেকে ছোট মাছ খুঁজছেন।’

এদিকে বাজারে ভারত থেকে আমদানি করা ইলিশও বিক্রি হচ্ছে। তবে কয়েকজন ক্রেতা জানিয়েছেন, দেশি ইলিশের তুলনায় ভারতীয় ইলিশের স্বাদ ও মান তাদের পছন্দ নয়। ফলে তারা দেশি ইলিশ কিনতেই আগ্রহী। কিন্তু দেশি ইলিশের দাম বেশি হওয়ায় সেটিও কেনা কঠিন হয়ে পড়েছে।

মাছ ক্রেতা মো. সিদ্দিকুর বলেন, ‘দেশি ইলিশের স্বাদ ভালো। ভারত থেকে আসা ইলিশ খেয়ে তেমন ভালো লাগেনি। তাই দেশি ইলিশই নিতে চাই। কিন্তু দেশি ইলিশের দাম এত বেশি যে চাইলেও কেনা যাচ্ছে না।’

ক্রেতাদের অভিযোগ, ৮০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দামই যদি কেজিতে ১ হাজার ৫০০ টাকা হয় এবং এক কেজির মাছের দাম ২ হাজার ২০০ টাকা হয়, তাহলে নিম্ন ও মধ্য আয়ের পরিবারের জন্য নিয়মিত ইলিশ কেনা কঠিন হয়ে পড়েছে।