আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ছয় দেশের অংশগ্রহণে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের মর্যাদাপূর্ণ এই আসর। দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ।
স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সাফ অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকরা।
দুই গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। এরপর ১৭ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশের ফুটবলের বিভিন্ন আয়োজনে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে ওয়ালটন। জাতীয় পুরুষ ও নারী দলের আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি নারী ফুটবলের বিভিন্ন আয়োজনেও প্রতিষ্ঠানটির সহযোগিতা রয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে মিশে আছে। সেই ভালোবাসার জায়গা থেকেই দীর্ঘদিন ধরে দেশের পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে ওয়ালটন।
সাফ চ্যাম্পিয়নশিপের মতো মর্যাদাপূর্ণ আয়োজনে ওয়ালটন ফ্যানকে যুক্ত করতে পেরে তারা আনন্দিত বলেও জানান তিনি। তার প্রত্যাশা, এবারের আয়োজন তরুণদের ফুটবলের প্রতি আরও আগ্রহী করবে এবং বাংলাদেশ দলের সাফল্য দেশের ফুটবলপ্রেমীদের আনন্দের উপলক্ষ এনে দেবে।
সাম্প্রতিক বছরগুলোতেও দেশের ফুটবলে ওয়ালটনের পৃষ্ঠপোষকতা অব্যাহত রয়েছে। ২০২৫ সালের নারী ফুটবল ত্রিদেশীয় টুর্নামেন্টে কো-স্পন্সর হিসেবে ছিল ওয়ালটন। একইভাবে এশিয়ান কাপ বাছাইপর্ব ২০২৫–২৬-এ বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচে ‘ওয়ালটন বিডিএলসি ফ্যান’ কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল।
এছাড়া ২০২৫ সালের ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে ‘ওয়ালটন ফ্যান’ অ্যাসোসিয়েট স্পন্সর এবং একই বছরের ৯ অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-হংকং ম্যাচে কো-স্পন্সর হিসেবে যুক্ত ছিল প্রতিষ্ঠানটি।
নারী ফুটবলেও ওয়ালটনের পৃষ্ঠপোষকতার ইতিহাস রয়েছে। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দলের পৃষ্ঠপোষক ছিল ওয়ালটন। পরবর্তী সময়ে বাংলাদেশ নারী দলের সিঙ্গাপুর সফর এবং অনূর্ধ্ব-১৬ নারী দলের চীন সফরেও ক্রীড়াসামগ্রী সরবরাহে সহযোগিতা করে প্রতিষ্ঠানটি।
এছাড়া নারী ফুটবলারদের সাফল্য উদ্যাপন ও উৎসাহিত করতেও বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়েছে ওয়ালটন। ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ নারী দলকে বাফুফের সঙ্গে যৌথভাবে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দলকেও সংবর্ধনা দেয় ওয়ালটন।
পুরুষ ও নারী জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ফুটবল আয়োজনে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পৃক্ততার সর্বশেষ সংযোজন হিসেবে এবার সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে যুক্ত হলো ওয়ালটন ফ্যান। ঘরের মাঠে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশার এই আসরে পৃষ্ঠপোষক হিসেবে অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি।