পিএসজি নাকি বার্সেলোনা - চ্যাম্পিয়ন্স লিগে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ শেষ হাসিটা হাসবে কে? একদিকে টানা দুইবারের ইউরোপসেরা পিএসজি, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা। দুই দলেরই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দুই ম্যাচে জয়, তাই প্যারিসের মঞ্চে লড়াইটা শুধু তিন পয়েন্টের নয়, আধিপত্যেরও। 

সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য এগিয়ে রাখছে পিএসজিকেই। বার্সেলোনার বিপক্ষে সর্বশেষ দুই দেখাতেই জয় পেয়েছে ফরাসি জায়ান্টরা, যার সর্বশেষটি ২০২৫ সালে ২-১ ব্যবধানে। এবারও নিজেদের জয়ের ধারা ধরে রেখে বার্সাকে সেই চাপে ফেলতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা। 

তবে বার্সেলোনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই একেবারেই। টানা ১১ ম্যাচে জয়, আর সেই জয়ের পথে প্রতিপক্ষের জালে মোট ৪৮টি গোল - আক্রমণভাগের এমন আগুনে ছন্দে যেকোনো রক্ষণই কাঁপতে বাধ্য। কিন্তু পিএসজির শক্তিশালী আক্রমণের সামনে এই গোলবন্যা কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়। 

কিন্তু বার্সেলোনার সমর্থকদের মনে এখনো জ্বলজ্বল করছে ২০১৭ সালের সেই অবিশ্বাস্য প্রত্যাবর্তনের স্মৃতি। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর ফিরতি লেগে পিএসজিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল কাতালানরা। ইতিহাসের সেই রোমাঞ্চ কি আবারও ফিরিয়ে আনতে পারবেন লামিনে ইয়ামালরা, নাকি এবারও বাধা হয়ে দাঁড়াবে পিএসজি। 

বার্সার সামনে চ্যালেঞ্জ শুধু আক্রমণ সামলানো নয়, নিজেদের রক্ষণও সামলে রাখা। গুরুত্বপূর্ণ ডিফেন্ডার কুন্দে ও এরিক গার্সিয়ার চোটে রক্ষণ নিয়েও দুশ্চিন্তায় কোচ হান্সি ফ্লিক। অন্যদিকে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে লুইস এনরিকের দল। 

দুই দলেরই লক্ষ্য জয়ের ধারা ধরে রেখে ইউরোপের মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। একদিকে পিএসজির শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস, অন্যদিকে বার্সার প্রতিশোধ আর ইতিহাস ফেরানোর স্বপ্ন। প্যারিসের এই মহারণে প্রথম হারের তিক্ত স্বাদ কাকে পেতে হবে, নাকি দুই দলই দেখাবে গোলের উৎসব - উত্তর মিলবে আজ মাঠের লড়াইয়েই।