হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড় ১০টার দিকে হঠাৎ বিমানবন্দর প্রাঙ্গণ সারপ্রাইজ ভিজিট (অপ্রত্যাশিত পরিদর্শন) করে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
লাগেজ বেল্ট পরিদর্শন ও যাত্রীদের প্রতিক্রিয়া পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী সরাসরি বিমানবন্দরের অভ্যন্তরীণ লাগেজ বেল্ট এলাকায় যান এবং ব্যাগেজের জন্য অপেক্ষারত দেশি-বিদেশি যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় বিমান থেকে নামার পর লাগেজ গ্রহণে ঠিক কত সময় লাগছে এবং সার্বিক লাগেজ ডেলিভারি প্রক্রিয়ার মান কেমন—সে বিষয়ে যাত্রীদের বাস্তব অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জানতে চান তিনি।
মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে শাহজালাল বিমানবন্দরের বর্তমান ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়ের মধ্যেই লাগেজ হাতে পাওয়ার বিষয়ে সার্বিক সন্তুষ্টি প্রকাশ করেন যাত্রীরা।
সেবার মান বাড়ানোর নির্দেশনা যাত্রীদের মতামত জানার পর মন্ত্রী যাত্রীসেবার মানকে আরও আধুনিক ও উন্নত করার ওপর জোর দেন। তিনি বিমানবন্দরের প্রতিটি ধাপে সাধারণ যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করাকে প্রথম অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন। এর পাশাপাশি যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুততম সময়ে প্রয়োজনীয়সংখ্যক ট্রলি বাড়ানোর নির্দেশ দেন।
মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনকালে বিমানবন্দরের উচ্চপদস্থ কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।