বিশ্বজুড়ে অস্থির মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বাংলাদেশ বিশ্বব্যবস্থার বাইরে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। একই সঙ্গে প্রতিবেশী দেশে তেলের পাচার রোধ নিশ্চিত করতেই দেশের বাজারে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ বা সমন্বয় করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, “বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল। আমাদের প্রতিবেশী অনেক দেশেই তেলের দাম বাংলাদেশের চেয়ে বেশি। এর ফলে দেশ থেকে জ্বালানি তেল পাচারের একটি বড় ঝুঁকি তৈরি হয়েছিল। সে বিষয়টি বিবেচনা করেই দাম বাড়ানো হয়েছে।”
প্রবাসীদের অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “প্রবাসী ভাইয়েরা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠান, যা দিয়ে আমরা জ্বালানি তেল আমদানি করি। প্রবাসীদের রক্ত পানি করা টাকায় কেনা এই তেল যেন কোনোভাবেই সীমান্ত পেরিয়ে পাচার না হয়, সে বিষয়ে সরকার অত্যন্ত কঠোর ও সতর্ক রয়েছে।”
দেশের বাজারে তেলের দাম ভবিষ্যতে আবার কমবে কি না—এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিশ্বব্যাপী চলমান এই সংকট দূর হলে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দর স্বাভাবিক হলে দেশের বাজারেও তার সুফল মিলবে। আন্তর্জাতিক বাজারের উন্নতি ঘটলে দাম আগে যা ছিল, প্রয়োজনে তার চেয়েও নিচে নামিয়ে সমন্বয় করার সুযোগ থাকলে সরকার তা করবে।
আসন্ন বোরো মৌসুমে কৃষিতে বিদ্যুতের সরবরাহ নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের কৃষকদের কথা বিবেচনা করে বোরো মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি আগামী দিনে কৃষকদের নিরবচ্ছিন্ন সেচসুবিধা দিতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের বড় পরিকল্পনা হাতে নিয়েছে সরকার
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।