<p>সিগারেট, ওষুধ, মোবাইল ফোন, ব্যাংকিংসহ দেশের গুরুত্বপূর্ণ ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে এসব খাতের সংশ্লিষ্ট ব্যবসা ও প্রতিষ্ঠানকে নির্ধারিত ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে রিটার্ন জমা দিতে হবে।
<p/><p>রোববার (২০ সেপ্টেম্বর) এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত ওই আদেশে অনলাইন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতার বিষয়টি জানানো হয়েছে।
<p/><p>আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪(৫) ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর ১১৮ক বিধির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়মে উৎপাদন খাতের আটটি এবং সেবা খাতের তিনটি শ্রেণির প্রতিষ্ঠানকে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।
<p/><p>উৎপাদন খাতের তালিকায় রয়েছে সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস এবং রং ও বার্নিশ। অন্যদিকে সেবা খাতে বিমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা অন্তর্ভুক্ত করা হয়েছে।
<p/><p>এনবিআর জানিয়েছে, তালিকাভুক্ত পণ্য বা সেবা সরবরাহের পাশাপাশি কোনো নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য ব্যবসা বা সেবা কার্যক্রম পরিচালনা করলেও তার জন্য অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম প্রযোজ্য হবে। একই সঙ্গে এ বিষয়ে আগে জারি করা সংশ্লিষ্ট আদেশগুলো নতুন বিজ্ঞপ্তি প্রকাশের পর বাতিল বলে গণ্য হবে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী তালিকায় নতুন খাত যুক্ত করা কিংবা কোনো খাত বাদ দেওয়ার ক্ষমতাও এনবিআর সংরক্ষণ করেছে।
<p/>