মাঠের বাইরেও মানবিক কাজের জন্য আবারও আলোচনায় লিওনেল মেসি। বার্সেলোনায় শিশু ক্যানসারের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বড় হাসপাতাল কমপ্লেক্সে ২৬ লাখ ইউরো (প্রায় ৩৬ কোটি টাকা) অনুদান দিয়েছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মারকাতো’র প্রতিবেদন অনুযায়ী, মেসি ফাউন্ডেশনের মাধ্যমে দেওয়া এই অর্থ ব্যবহার করা হবে স্পেনের বার্সেলোনায় সান্ত জোয়ান দে দেউ হাসপাতালের শিশু ক্যানসার চিকিৎসা কেন্দ্রের উন্নয়নে। নতুন এই হাসপাতাল কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশু রোগীর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই জায়গায় শিশুদের ক্যানসার চিকিৎসাসংক্রান্ত সব ধরনের সেবা নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
শিশুদের স্বাস্থ্যসেবা উন্নয়ন ও সুবিধাবঞ্চিতদের সহায়তায় মেসির সম্পৃক্ততা অবশ্য নতুন নয়। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে চিকিৎসা, শিক্ষা ও ক্রীড়াক্ষেত্রে নানা মানবিক কার্যক্রমে যুক্ত হয়েছেন তিনি। মেসি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, শিশুদের লিউকেমিয়া নিয়ে গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার নিজ শহর রোজারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশু অপুষ্টি মোকাবিলার প্রকল্পেও অবদান রেখেছেন মেসি।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও শিশুদের স্বাস্থ্য ও কল্যাণে বিভিন্ন উদ্যোগে কাজ করছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ফুটবল মাঠে তাঁর পারফরম্যান্স যেমন আলোচনায় থাকে, তেমনি মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের প্রভাব কাজে লাগিয়ে চলেছেন মেসি। শিশুদের স্বাস্থ্যসেবায় তাঁর এই নতুন উদ্যোগও সেই দিকটিই আবার সামনে নিয়ে এসেছে।