একজন মায়ের কাছে তাঁর সন্তানের নিরাপত্তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কিন্তু চীনের একটি ব্যস্ত সড়কে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। শত মানুষের ভিড়ের মধ্যেই এক মা নিজের ছোট্ট সন্তানকে তিন অপরিচিত সেনাসদস্যের কাছে রেখে নিশ্চিন্তে চলে গেলেন জরুরি কাজে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চীনের একটি ব্যস্ত রাস্তার মোড়ে দায়িত্ব পালন করছিলেন তিন সেনাসদস্য। এ সময় এক মা সন্তানকে সঙ্গে নিয়ে সেখানে আসেন। কিন্তু জরুরি একটি কাজ থাকায় শিশুটিকে সঙ্গে নিয়ে সেটি করা তাঁর জন্য কঠিন হয়ে পড়েছিল। তাই কোনো দ্বিধা না করে তিনি নিজের কোলে থাকা শিশুটিকে একজন সেনাসদস্যের বাড়িয়ে তার বাহুতে তুলে দেন
শিশুটিকে কোলে নিয়েই অত্যন্ত মমতার সঙ্গে বুকে জড়িয়ে নেন ওই সেনাসদস্য । সবচেয়ে অবাক করার মতো বিষয়, অপরিচিত একজনের কোলে গিয়েও শিশুটির মধ্যে কোনো ভয় বা অস্বস্তি দেখা যায়নি। বরং সেনাসদস্যের বুকেই মাথা রেখে কিছুক্ষণের মধ্যেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সে। পাশে থাকা অন্য দুই সেনাসদস্যও নিজেদের দায়িত্ব পালন করতে থাকেন
আর বেশ কিছুক্ষণ পর নিজের কাজ শেষ করে ফিরে আসেন শিশুটির মা। তখন সেনাসদস্যরা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে শিশুটিকে মায়ের হাতে তুলে দেন। মা-ও মুচকি হেসে নিজের সন্তানকে আবার কোলে তুলে নেন। এরপর তিন সেনাসদস্যও কোনো বাড়তি আনুষ্ঠানিকতা ছাড়াই আবার নিজেদের দায়িত্ব পালনে মনোযোগ দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই দৃশ্যটি তাই অনেকের নজর কেড়েছে। কারণ এখানে অস্ত্র বা ইউনিফর্মের ভয় নয়, বরং একজন নাগরিকের নির্ভরতার চিত্রই সামনে এসেছে । সবচেয়ে মূল্যবান সন্তানকে একজন মা যখন অপরিচিত সেনাসদস্যের কাছে নিশ্চিন্তে রেখে যেতে পারেন, আর সেই শিশুও তাদের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে তখন দৃশ্যটি চীন ও তার সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থার একটি আবেগঘন ছবি হয়ে ওঠে।