বাংলাদেশ ও ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ চালুর বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চ পর্যায়ের সপ্তাহের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ সমঝোতা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পররাষ্ট্রমন্ত্রী এস এম সোবার্স এমপি এতে সই করেন।

সমঝোতা স্মারককে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। এর মাধ্যমে নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা, বিজ্ঞান-প্রযুক্তি এবং সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতার ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। ত্রিনিদাদ ও টোবাগোর গ্যাস ও সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থার কারিগরি পর্যায়ে বৈঠকের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০২৭-২০২৮ মেয়াদে অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ায় ত্রিনিদাদ ও টোবাগোকে অভিনন্দন জানান হুমায়ুন কবির। রোহিঙ্গা প্রত্যাবাসনে দেশটির সহযোগিতা কামনার পাশাপাশি ক্রিকেট, ক্রীড়া বিজ্ঞান ও ক্রীড়া প্রশাসনে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রস্তাবও দেন তিনি। 

তিনি, নিরাপত্তা পরিষদে ত্রিনিদাদ ও টোবাগোর আসন্ন মেয়াদকালে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্পৃক্ততা অব্যাহত রাখতে দেশটির গঠনমূলক সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি ক্রিকেটকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগের একটি স্বাভাবিক সেতু হিসেবে উল্লেখ করে যুব ও নারী ক্রিকেট, ক্রীড়া বিজ্ঞান এবং ক্রীড়া প্রশাসনে সহযোগিতা ও বিনিময়ের প্রস্তাব দেন।