ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’ মুক্তির আগেই নতুন বিতর্কে জড়িয়েছে। ইংল্যান্ডের লেস্টারশায়ারের গ্রেস রোডে সিনেমাটির শুটিংয়ের কয়েক দিন পর ওই মাঠের পিচ নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে বড় শাস্তি পেয়েছে লেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব। তবে শুটিংকে পিচ নষ্ট হওয়ার সরাসরি কারণ হিসেবে স্বীকৃতি দেয়নি ক্রিকেট ডিসিপ্লিনারি প্যানেল।
আগস্টে লেস্টারশায়ারের গ্রেস রোডে সৌরভের বায়োপিকের একটি শুটিং হয়। এর চার দিন পর ২০ থেকে ২৩ আগস্ট একই মাঠে গ্ল্যামারগানের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলে লেস্টারশায়ার। ম্যাচে জয় পেলেও পিচের মান নিয়ে প্রশ্ন ওঠে। ম্যাচ রেফারি ৪৩টি অসমান বাউন্সের ঘটনা নথিভুক্ত করেন। পরে ক্রিকেট রেগুলেটর পিচটিকে নির্ধারিত মানের নিচে বলে অভিযোগ তোলে।
লেস্টারশায়ারের প্রধান গ্রাউন্ডসম্যান ক্যালাম লেউইন পিচের সমস্যার পেছনে বেশ কয়েকটি কারণের কথা বলেন। এর মধ্যে প্রায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা, আগে মাঠে হওয়া টি-টোয়েন্টি ম্যাচ এবং বায়োপিকের শুটিংয়ের বিষয়টিও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, শুটিংয়ের দিন কয়েক ঘণ্টা পিচে কাজ করা বা সেটি ঢেকে রাখার সুযোগ পাননি গ্রাউন্ডস্টাফরা।
তবে ক্রিকেট ডিসিপ্লিনারি প্যানেল শুটিংকে যথেষ্ট প্রশমনকারী কারণ হিসেবে গ্রহণ করেনি। প্যানেলের মতে, মাঠের পিচ সুরক্ষিত রাখার বিষয়টি আগে থেকেই বিবেচনায় নেওয়া উচিত ছিল। একই সঙ্গে তারা সিদ্ধান্তে জানায়, লেস্টারশায়ার ইচ্ছাকৃতভাবে খারাপ পিচ তৈরি করেনি; তবে পিচ প্রস্তুতের ক্ষেত্রে ক্লাবের পদ্ধতিকে অযৌক্তিক মনে হয়েছে।
শাস্তি হিসেবে গ্ল্যামারগানের বিপক্ষে ৪২ রানের জয়ে পাওয়া ১৯ পয়েন্ট কেড়ে নেওয়া হয়েছে। এর সঙ্গে আরও ৮ পয়েন্ট কেটে নেওয়া এবং ৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। আরও ৮ পয়েন্টের একটি শাস্তি ২০২৭ মৌসুম শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। সব মিলিয়ে তাৎক্ষণিকভাবে ২৭ পয়েন্টের প্রভাব পড়েছে ক্লাবটির ওপর।
এদিকে লেস্টারশায়ার সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে। ক্লাবটির প্রধান নির্বাহী এমা হোয়াইট ২৪ সেপ্টেম্বর জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বরের মধ্যে আপিল করা হবে। ফলে শুটিং ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের চূড়ান্ত পরিণতি এখনো হয়নি।
এদিকে ‘দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’তে সৌরভের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। সিনেমাটি পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। লর্ডসের ঐতিহাসিক উদ্যাপনের দৃশ্যসহ সৌরভের ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সিনেমায় তুলে ধরার কথা রয়েছে। নির্মাণাধীন এই ছবিটি ২০২৭ সালের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।