ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে সরাসরি আইফোন চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি মানুষের সঙ্গে দেখা করার সময় এক যুবক মুখ্যমন্ত্রীর সামনে এসে বলেন, ‘স্যার, আমি একটি আইফোন চাই।’

অপ্রত্যাশিত এই অনুরোধে কিছুটা অবাক হয়ে হিমন্ত বিশ্বশর্মা তাকে জিজ্ঞেস করেন, ‘আইফোন? তুমি পুরোনো আইফোন চাও, নাকি নতুন?’

এরপর মজার ছলে হাত তোলার ভঙ্গি করলেও শেষ পর্যন্ত ওই যুবকের আবদার মেনে নেওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তাকে বলতে শোনা যায়, ‘ঠিক আছে, আমরা তোমাকে একটি আইফোন এনে দেব। তুমি পেয়ে যাবে।’

পরে হিমন্ত বিশ্বশর্মা ওই ঘটনার ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘খুবই স্পষ্ট অগ্রাধিকার।’

ভিডিওটি প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুখ্যমন্ত্রীর কাছে এমন সরাসরি আইফোন চাওয়ার ঘটনায় অনেকেই মজা করে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, প্রতিশ্রুতি অনুযায়ী ওই যুবক শেষ পর্যন্ত আইফোন পেয়েছেন কি না।