সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হানিট্র্যাপ’-এর ফাঁদে পড়ে পাকিস্তানি এক নারী এজেন্টের কাছে ভারতের গোপন তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) কোয়েম্বাটুরের একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩১ বছর বয়সী প্রদীপ মুখার্জিকে গ্রেফতার করে অন্ধ্রপ্রদেশ পুলিশ।

পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। তিনি বিশাখাপত্তনমের ইস্টার্ন নেভাল কমান্ডে কর্মরত ছিলেন। একটি প্রশিক্ষণ কোর্সের জন্য বর্তমানে কোয়েম্বাটুরে অবস্থান করছিলেন তিনি।

তদন্তসংশ্লিষ্টদের বরাতে জানা যায়, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দার সঙ্গে প্রদীপের যোগাযোগ হয়। পরে অনলাইন সম্পর্কের মাধ্যমে তার কাছ থেকে বিশাখাপত্তনম নৌঘাঁটির যুদ্ধজাহাজের চলাচলসহ বিভিন্ন কৌশলগত তথ্য সংগ্রহ করা হয় বলে অভিযোগ।

দীর্ঘদিন ধরে প্রদীপের সন্দেহজনক গতিবিধি নজরে রাখার পর পুলিশ তাকে গ্রেফতার করে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।