যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতার ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ইরানের কাছে কিছু প্রস্তাব পাঠিয়েছে। তবে একতরফা শর্ত চাপিয়ে দিয়ে আলোচনা দীর্ঘায়িত করার সময় শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
গালিবাফ বলেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান পুরোপুরি স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা স্মারকের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।’
তার এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা চলছে। কয়েক দিন আগে ইরান জানিয়েছিল, ওয়াশিংটনের পক্ষ থেকে পাঠানো কূটনৈতিক প্রস্তাবের জবাব তারা পেয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তেহরানের প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।
রোববার তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাঘচি বলেন, প্রণালিটি পুনরায় চালুর বিষয়ে ইরান তার শর্তগুলো স্পষ্ট করেছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু প্রতিশ্রুতির বিষয়ও জড়িত।
তিনি বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথেই সমাধানের চেষ্টা করবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে গেলে ইরান তার জবাব দিতে প্রস্তুত রয়েছে।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র সামরিক সমাধানের পথে এগোলে ইরান আগের চেয়ে আরও প্রস্তুত থাকবে এবং নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ইরানের সাম্প্রতিক বক্তব্যে হরমুজ প্রণালি পুনরায় চালুর ক্ষেত্রে কূটনৈতিক সমাধানের সুযোগ রাখা হলেও সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি না খোলার অবস্থান স্পষ্ট হয়েছে।