জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার দেশের অভ্যন্তরীণ নৌপথে লঞ্চের ভাড়া সমন্বয় করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং এর বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বাড়বে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন লঞ্চ ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

ভাড়া বাড়ানো প্রত্যাশিত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে। ফলে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে। তেলের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বা কোনো ধরনের স্বেচ্ছাচারিতা বরদাশত করা হবে না।

সিএনজিচালিত যানবাহনের ভাড়া প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, সিএনজির দাম বাড়েনি। তাই এসব যানবাহনের ভাড়া বাড়ানোরও সুযোগ নেই। অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, প্রথম ১০০ কিলোমিটারে লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মালিকদের পক্ষ থেকে ভাড়া আরও বাড়ানোর প্রস্তাব ছিল। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নির্ধারিত ভাড়াতেই তারা সম্মতি দিয়েছেন।