মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভ্রান্তির প্রেক্ষিতে দেওয়া নিজের স্ট্যাটাসটি মুছে ফেলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিষয়টি পুরোপুরি পরিষ্কার হওয়ার পর তিনি এই পদক্ষেপ নেন।
পরে এক ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ ব্যাখ্যা দিয়ে লেখেন, “একই রকম পোজ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, সেটার কারণে আমি নিশ্চিত হতে চেয়েছিলাম কোন ছবিটা আসল। এখন বিষয়টি পরিষ্কার হওয়ায়, আমি আমার আগের পোস্টটি মুছে দিয়েছি।”
ঘটনার প্রেক্ষাপট ও ফ্যাক্টচেক এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিশিয়াল ফেসবুক পেজে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশন উপলক্ষে আয়োজিত নৈশভোজের একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে ট্রাম্পের সঙ্গে তাঁকে ও ডা. জুবাইদা রহমানকে দেখা যায়। ছবিটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ছবির সত্যতা নিয়ে ট্রল ও বিভ্রান্তি শুরু হয়।
এই প্রেক্ষিতে আসিফ মাহমুদ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে মূল ছবিটির পাশাপাশি কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির একটি সম্পাদিত ছবি (মিম) শেয়ার করে ফ্যাক্টচেকারদের মতামত জানতে চেয়েছিলেন। ওই ভুয়া ছবিটিতে ট্রাম্পকে একটি 'কার্ডবোর্ড কাটআউট' হিসেবে দেখা যাচ্ছিল।
পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যম ও ফ্যাক্টচেক অনুসন্ধানে নিশ্চিত হওয়া যায় যে, কসোভোর প্রধানমন্ত্রীর ছবির ট্রাম্পের কার্ডবোর্ড অংশটি ছিল ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিম ও সম্পাদনা। মূল ছবিতে ট্রাম্প সশরীরে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বিশ্লেষণে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আসিফ মাহমুদ তাঁর আগের পোস্টটি সরিয়ে নেন।