জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া পুনর্নির্ধারণে আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠকে জ্বালানি তেলের নতুন দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসের ভাড়া কতটা বাড়ানো হবে, তা নিয়ে আলোচনা হবে।
বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বাস মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন। পরিবহন মালিক সমিতির নেতা ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
গতকাল রবিবার রাতে সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।
বাসসহ অধিকাংশ গণপরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। ফলে এক লিটার ডিজেলের পেছনে পরিবহন খরচ সরাসরি ২০ টাকা বেড়েছে।
বিআরটিএ সূত্র জানায়, নতুন পরিস্থিতিতে বাসের পরিচালন ব্যয় ও জ্বালানি খরচ হিসাব করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হবে। দূরপাল্লা, মহানগর ও অন্যান্য শ্রেণির বাসের জন্য পৃথক হিসাবও বিবেচনায় নেওয়া হতে পারে। তবে প্রতি কিলোমিটারে ভাড়া কত বাড়বে, তা এখনো নির্ধারিত হয়নি। বৈঠকে সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রস্তাব ও আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগেও বেড়েছিল বাসভাড়া, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসের ভাড়া সমন্বয়ের সর্বশেষ নজির চলতি বছরের এপ্রিলের। তখন ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। একই সময়ে অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বাড়ানো হয়। এরপর বিআরটিএর ভাড়া নির্ধারণ-সংক্রান্ত কমিটি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক করে বাসের ভাড়া বাড়ানোর সুপারিশ করে। ২৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা করা হয়।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকার মিনিবাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়। অর্থাৎ দূরপাল্লা ও মহানগরের বাসে কিলোমিটারপ্রতি ১১ পয়সা করে ভাড়া বেড়েছিল। তবে জ্বালানি তেলের দাম বাড়লেই প্রতিবার বাসের ভাড়া বাড়ানো হয়নি। ২০২২ সালের আগস্টে ডিজেলের দাম লিটারপ্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হলে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ৪০ পয়সা এবং মহানগরের বাসে ৩৫ পয়সা বাড়ানো হয়েছিল। পরে ডিজেলের দাম ৫ টাকা কমানো হলে ওই বছরের ৩১ আগস্ট দূরপাল্লার বাসের ভাড়া ২ টাকা ২০ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ১৫ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসের ভাড়া ২ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ২ টাকা ৪৫ পয়সা করা হয়।
এরপর ২০২৪ সালের এপ্রিলেও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা কমানো হলে বিআরটিএ দূরপাল্লা ও মহানগরের ডিজেলচালিত বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ৩ পয়সা কমানোর সুপারিশ করেছিল। এবার কী হতে পারে, ডিজেলের দাম আগের এপ্রিলের তুলনায় আরও ২০ টাকা বাড়ানো হয়েছে। ফলে বাস মালিকদের পক্ষ থেকে পরিচালন ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরে নতুন ভাড়া নির্ধারণের দাবি আসতে পারে। অন্যদিকে, বাড়তি ভাড়ার কারণে যাত্রীদের ওপর কতটা চাপ পড়বে, সেটিও আলোচনায় গুরুত্ব পাবে।
বিআরটিএর আজকের বৈঠকে তাই মূলত নির্ধারিত হবে, নতুন জ্বালানি দামের পর বাসের ভাড়া প্রতি কিলোমিটারে কতটা বাড়বে। বৈঠকের সুপারিশের পর চূড়ান্ত ভাড়া নির্ধারণের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।