পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় নাঈমুজ্জামান ভূঁইয়ার অবস্থান শনাক্তের পর তাকে গ্রেপ্তারে ডিবি, সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে বিশেষ দল গঠন করা হয়। পরে কুইক রেসপন্স টিমসহ পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের তথ্য অনুযায়ী, নাঈমুজ্জামান ভূঁইয়া আল আমিন গুম ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তার বাবা মনু মিয়া ওই বছরের ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগে মামলা করেন। মামলায় নাঈমুজ্জামান ভূঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।