নড়াইলের কালিয়ার নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে হিন্দু ধর্মাবলম্বীসহ শতাধিক মানুষ বিএনপিতে যোগ দিয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়দিয়া বাজারের বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খান রবিউল ইসলামের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় নতুন সদস্যরা বিএনপির আদর্শের প্রতি নিজেদের সমর্থন জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাশিয়াল ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস নওশের আলী। প্রধান অতিথি ছিলেন নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা সবুজ খান।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন সদস্যদের স্বাগত জানিয়ে বিএনপির দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্য রাজনৈতিক দলের পদে থাকা ব্যক্তিদের নিজ নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির দলীয় ফরম পূরণের আহ্বান জানানো হয়। পরে নতুন যোগদানকারীরা নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বক্তারা জানান, বর্তমানে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের সুযোগ সীমিত থাকলেও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সঙ্গে আলোচনা করেই এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।