প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিপি ওয়ার্ল্ডের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান এসা কাজিমের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বন্দর ব্যবস্থাপনা, লজিস্টিকস খাতের উন্নয়ন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ও উঠে আসে।

বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনা ও আধুনিকায়নে বাংলাদেশ ও ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি নিয়েও আলোচনা করা হয়। চুক্তি অনুযায়ী টার্মিনাল ও এর ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে ডিপি ওয়ার্ল্ড।

আধুনিকায়নের মাধ্যমে টার্মিনালটির পরিচালন সক্ষমতা বাড়ানো এবং দেশের বন্দর ও লজিস্টিকস অবকাঠামো আরও শক্তিশালী করতে এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপো স্থাপনের পাশাপাশি নতুন বিনিয়োগের বিষয়ে ডিপি ওয়ার্ল্ডের আগ্রহ সম্পর্কে জানতে চান। জবাবে এসব খাতে সহযোগিতা ও বিনিয়োগে আগ্রহের কথা জানায় প্রতিনিধিদল।