পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কাওরানবাজার হয়ে তেজগাঁও এফডিসি মোড় প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী এতে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নীরব বলেন, ‘১৭ বছর আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে তারেক রহমানের নেতৃত্বে রাজপথে দাবি আদায় করেছি। আপনারা দেশবিরোধী ষড়যন্ত্র করবেন, গুপ্ত হামলা করবেন, বোমাবাজি চালাবেন—আর বিএনপির শেষ কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, আগামীতে বিএনপি পরিবার এবং বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে যারা চক্রান্ত করবে, রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে তাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা প্রস্তুত।’

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদ, আবু বকর বাকার, মো. সোলায়মান ও সাখওয়াত হোসেন।

এ ছাড়া তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম বাহালুল, মুজাহিদুর রহমান, আলমগীর হোসেন ও রইছ উদ্দিন; শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত খান সজিব ও ওমর ফারুক রাশেদ; ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আবদুল বাসেদ; তেজগাঁও থানা যুবদলের সভাপতি জালাল মোল্লা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা ছাত্রদলের সভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি আবু বকর সিদ্দীক সুমন।

এ সময় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মীম, তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি আখতার হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রাজন, শেরে বাংলা নগর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন আহমেদ দিপু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক জুয়েল খান এবং স্বেচ্ছাসেবক দল নেতা সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।