মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকারপ্রধানের দায়িত্ব পেয়েছেন ফাতিমা জাহরা আল মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ মঙ্গলবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। এর মধ্য দিয়ে আরব বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হলেন তিনি।

৫০ বছর বয়সী ফাতিমা এর আগে মরক্কোর নগর-পরিকল্পনামন্ত্রী ও মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজের নিয়োগকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, মরক্কোর ইতিহাসে প্রথমবার একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন, যা দেশের নারীদের জন্য গর্বের বিষয়।

নির্বাচনের চার দিন পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা আসে। রাজপরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টির (পিএএম) এই নেতা নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়েছেন। ৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে দলটি ৯৭টি আসন পেয়েছে। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৯৮ আসন হওয়ায় ফাতিমাকে জোট গঠন করতে হবে।

নতুন সরকারের সামনে ২০৩০ সালের ফিফা বিশ্বকাপকে ঘিরে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনাও রয়েছে। মরক্কো, পর্তুগাল ও স্পেন যৌথভাবে ওই বিশ্বকাপ আয়োজন করবে।

এর আগে ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নাজলা বুদেন। তিনি ছিলেন আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী।