টিকটকে ভিডিও দেখার পাশাপাশি এবার আরও সহজে কেনাকাটার সুযোগ তৈরি হচ্ছে। ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে এআই শপিং অ্যাসিস্ট্যান্ট ও দ্রুত চেকআউট সুবিধা নিয়ে এসেছে প্ল্যাটফর্মটি। ফলে পছন্দের কোনো পণ্য চোখে পড়লে ভিডিও থেকে বের না হয়েই সেটি সম্পর্কে তথ্য জানা এবং কেনার প্রক্রিয়া শুরু করা যাবে। টিকটকের নতুন শপিং অ্যাসিস্ট্যান্ট মূলত কথোপকথনভিত্তিক এআই সেবা। ব্যবহারকারী কোনো পণ্য সম্পর্কে জানতে চাইলে এটি পণ্যের বিবরণ, আকার, সহজলভ্যতা ও সম্ভাব্য ডেলিভারি সময়ের মতো তথ্য দিতে পারবে। পাশাপাশি পছন্দের পণ্য খুঁজে বের করা এবং কেনাকাটার ধাপগুলো সম্পন্ন করতেও সহায়তা করবে এই এআই অ্যাসিস্ট্যান্ট।

নতুন সুবিধার মাধ্যমে টিকটকের ‘ফর ইউ’ ফিডে ভিডিও দেখার সময়ই পছন্দের পণ্য কেনার সুযোগ আরও সহজ হবে। অর্থাৎ কোনো ভিডিওতে আকর্ষণীয় পোশাক বা অন্য কোনো পণ্য দেখে সেটি কিনতে চাইলে আলাদা করে অন্য প্ল্যাটফর্মে গিয়ে খোঁজার প্রয়োজন কমবে। এক ক্লিকের চেকআউট সুবিধার ফলে কেনাকাটার প্রক্রিয়াও হবে আরও দ্রুত।

টিকটকের এই উদ্যোগ মূলত ভিডিও দেখা ও অনলাইন কেনাকাটাকে একই অভিজ্ঞতার মধ্যে নিয়ে আসার অংশ। ব্যবহারকারীর আগ্রহ বুঝে পণ্য খুঁজে দেওয়া থেকে শুরু করে কেনাকাটার প্রক্রিয়ায় এআইয়ের সহায়তা সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটিকে আরও বড় শপিং প্ল্যাটফর্মে পরিণত করার লক্ষ্যেই এগোচ্ছে টিকটক।