অক্টোবরে পূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা ছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘আন্ধার’-এর। সেই পরিকল্পনা অনুযায়ী সিনেমাটির পোস্টার প্রকাশের পর গত ৩ সেপ্টেম্বর উন্মুক্ত করা হয় ১ মিনিট ২৬ সেকেন্ডের টিজার। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছিলেন, সেপ্টেম্বরেই সিনেমাটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে। তবে মাস শেষের দিকে এলেও এখনো বোর্ডে জমা দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। একই কারণে অক্টোবরের মুক্তি নিয়েও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না পরিচালক, প্রযোজক বা অভিনয়শিল্পীদের কেউ। ফলে ‘আন্ধার’-এর মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এদিকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও গ্রুপে ‘আন্ধার’ অক্টোবরে মুক্তি পাচ্ছে না—এমন আলোচনা চলছে। তবে সিনেমাটির পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সিনেমাটির গল্প ও অন্যতম প্রযোজক শাকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, সিনেমাটির সব ঘোষণা আনুষ্ঠানিকভাবেই দেওয়া হয়েছে। মুক্তির বিষয়টিও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে ‘আন্ধার’ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে কি না, জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
অক্টোবরে মুক্তির পরিকল্পনা সামনে রেখে এরই মধ্যে ‘আন্ধার’-এর প্রচারণাও শুরু হয়েছিল। প্রায় এক মাস ধরে পরিচালক রায়হান রাফী সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির বিভিন্ন দৃশ্য প্রকাশ করেন। এসব ছবি নিয়ে দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়। পরে ৩ সেপ্টেম্বর প্রকাশিত টিজারে রহস্যময় আবহের পাশাপাশি তুলে ধরা হয় সিনেমার বিভিন্ন চরিত্রের লুক ও বেশ কিছু চমকপ্রদ দৃশ্য। সংলাপহীন ওই টিজারে দেখা গেছে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ ও মোস্তফা মন্ওয়ারসহ প্রধান অভিনয়শিল্পীদের। সিয়াম আহমেদের কয়েকটি অ্যাকশন দৃশ্যও রয়েছে টিজারে।
‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ এর হরর ঘরানা। দেশে নিয়মিত বাণিজ্যিক হরর সিনেমা নির্মাণ না হওয়ায় শুরু থেকেই সিনেমাটি নিয়ে কৌতূহল তৈরি হয়। এর গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনি ও অতিপ্রাকৃত ঘটনাকে কেন্দ্র করেই সিনেমাটির গল্পের ভাবনা তৈরি হয়েছে।
পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘আন্ধার’ বাংলাদেশের হরর ঘরানার বড় বাজেটের সিনেমাগুলোর একটি। এতে উল্লেখযোগ্য পরিমাণ ভিএফএক্স ও গ্রাফিকস অ্যানিমেশনের কাজ রয়েছে। এসব কাজ কয়েক মাস ধরে মুম্বাইয়ের একটি স্টুডিওতে করা হয়েছে। সিনেমাটির বেশির ভাগ শুটিং হয়েছে গাজীপুর ও ময়মনসিংহে।
সব প্রস্তুতি ও প্রচারণা শুরু হলেও অক্টোবরেই ‘আন্ধার’ প্রেক্ষাগৃহে আসছে কি না, সেই উত্তর এখনো মেলেনি। তাই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হচ্ছে দর্শকদের।