টানা দুই দিন বন্ধ থাকার পর ৩০টি ব্যাংকে কিউ-ক্যাশের সব সেবা আবার পুরোপুরি চালু হয়েছে। পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসি (আইটিসি) ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কিউ-ক্যাশের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা এখন স্বাভাবিকভাবে কার্যকর রয়েছে। ফলে গ্রাহকেরা আগের মতো লেনদেন করতে পারবেন।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ব্যাংক এশিয়ার এক খুদে বার্তায় জানানো হয়, তাদের এটিএম, কার্ড, পিওএস, এনপিএসবি, ই-কমার্স ও কিউআর সেবা পুরোপুরি সচল হয়েছে। গ্রাহকদের স্বাভাবিক লেনদেন চালিয়ে যাওয়ারও অনুরোধ করা হয়।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টার পর কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম স্থানান্তরের (মাইগ্রেশন) কাজ শুরু হলে প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও বিভিন্ন লেনদেন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে এটিএম, পিওএস মেশিন ও কার্ডভিত্তিক লেনদেনসহ আন্তব্যাংক কিছু সেবা ব্যাহত হয়।

সে সময় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে গ্রাহকদের খুদে বার্তার মাধ্যমে জানানো হয়েছিল, ১০ অক্টোবর দুপুর ১২টার পর এসব সেবা পুনরায় চালু হতে পারে।

তবে সেবা দ্রুত সচলের জন্য কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে কিউ-ক্যাশের ব্যবস্থাপনা পরিচালককে তলব করা হয়।

মঙ্গলবার রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণকাজের কারণে কিউ-ক্যাশ নেটওয়ার্কে কয়েকটি ব্যাংকের লেনদেন সেবা ব্যাহত হওয়ায় গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।

গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিউ-ক্যাশের ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণ করে কার্ডভিত্তিক সেবা দ্রুত সচল করার নির্দেশ দেয়।

বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার কয়েক ঘণ্টার মধ্যেই কিউ-ক্যাশের আওতাধীন সব সেবা আবার পুরোপুরি চালু হয়।