দুই বছর বিরতির পর পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ ‘ফান ঝউ-৬’। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে বন্দরের জন্য আনা পাঁচটি আধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিয়ে জাহাজটি সরাসরি টার্মিনালে নোঙর করে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রথম টার্মিনালের জন্য আনা পাঁচটি ইকুইপমেন্টের মধ্যে রয়েছে নানজিং পোর্ট অ্যান্ড হারবার মেশিনারি কোম্পানির ৮০ টন ধারণক্ষমতার দুটি এসটিএস শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতার দুটি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন (আরটিজি) এবং জু ঝাউ কনস্ট্রাকশন মেশিনারি গ্রুপের (এক্সসিএমজি) ৮০ টন ধারণক্ষমতার একটি মোবাইল হারবার ক্রেন।
জাহাজটি গত ১৮ সেপ্টেম্বর এসব সরঞ্জাম নিয়ে চীনের পিংতান বন্দর থেকে পায়রা বন্দরের উদ্দেশে যাত্রা করে।
এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার টন পাথর নিয়ে ‘এমভি জেইন’ এবং একই বছরের ১ নভেম্বর ৪৮ হাজার টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ সরাসরি পায়রা বন্দরের প্রথম টার্মিনালে পণ্য খালাস করেছিল।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, নতুন ক্রেনগুলো সংযোজন করা হলে বন্দরের কার্গো ও কনটেইনার হ্যান্ডলিংয়ের সময় কমবে। একই সঙ্গে বাড়বে অপারেশন সক্ষমতা এবং দ্রুততম সময়ে জাহাজ থেকে পণ্য খালাস করা সম্ভব হবে।
পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ উল ইসলাম বলেন, রাবনাবাদ চ্যানেলের নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রাকে ডিজিটালাইজড বন্দর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, পায়রা বন্দর ব্যবহারের ফলে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি আমদানি ব্যয় কমবে। একই সঙ্গে কোনো যানজট ছাড়াই ব্যবসায়ীরা দ্রুত পণ্য খালাস করতে পারবেন।