আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় লং মার্চ করবে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে লং মার্চের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি।
দলীয় সূত্রে জানানো হয়, ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।
সকাল ৮টায় প্রায় এক হাজার গাড়ির বহর নিয়ে লং মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। মাওয়া সড়ক ও পদ্মা সেতু হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ ও বাগেরহাট পেরিয়ে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় পৌঁছাবে বহরটি। কর্মসূচির সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে কুষ্টিয়া জিলা স্কুল মাঠে, রাত সাড়ে ৮টায়।
পথে শরীয়তপুরের জাজিরা, বাগেরহাটের ফকিরহাট, খুলনা মহানগরী ও ফুলতলা, যশোরের মুড়লী মোড় এবং ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা করার কথা রয়েছে। লং মার্চে গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রস্তুতি সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া শৃঙ্খলা, প্রচার, তথ্যপ্রযুক্তি ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীলরাও সভায় অংশ নেন।