আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো কোনো হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে গ্রহণযোগ্য এবং ভোটে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন প্রার্থী বাছাইয়ের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে-ভিউ হোটেলে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৪০০ নেতা–কর্মী অংশ নেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য নেতা–কর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ ৫০ শতাংশ কমানো সম্ভব। একই সঙ্গে নেতা–কর্মীদের কোনো ধরনের অপরাধে জড়িত না হওয়ার নির্দেশ দিয়ে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্যসচিব নাজিমুর রহমান এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, সভায় সরকারের নামে ছড়ানো গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরার নির্দেশ দেন তারেক রহমান।
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রংপুর ও রাজশাহী সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে নগরের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের শুভেচ্ছা জানান তিনি। সফর শেষে রাতে চট্টগ্রাম ত্যাগ করেন প্রধানমন্ত্রী।