দেশের স্বার্থ রক্ষা ও ভবিষ্যৎ নির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, দেশের স্বার্থে কোথাও কোনো ছাড় দেওয়া হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পরিচয় বাংলাদেশি উল্লেখ করে তিনি সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের সাবালিয়া পাঞ্জাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো বিভেদ নেই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি। বিএনপির আদর্শও হলো সবাইকে সঙ্গে নিয়ে দেশ গঠন করা।

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এবার পূজার বরাদ্দও গতবারের তুলনায় বাড়ানো হয়েছে।

দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের দ্বারা বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবে সবাই সজাগ ও ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। দেশের স্বার্থ ও ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মাদক নির্মূলে কঠোর অবস্থান

টাঙ্গাইলকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইল থেকেই মাদক নির্মূলের কার্যক্রম শুরু করতে চান তিনি, যাতে সারা দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব হয়। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি তাঁর দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

মতবিনিময় সভা শেষে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি, বড় কালীবাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তাঁরা পূজার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পূজা উদযাপন কমিটির নেতারা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।